ঢাকার কেরানীগঞ্জে ডিবির সোর্স পরিচয় দিয়ে এক গাড়িচালককে আটক করে তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃত ওই দুই ব্যক্তিকে থানা পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঐ দুই ব্যক্তি কদমতলী এলাকায় নিজেদের ডিবির সোর্স হিসেবে পরিচয় দিয়ে এক গাড়িচালককে আটক করেন। আটকের পরে ঐ গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—এমন কথা বলে তাঁকে তাঁদের সঙ্গে যেতে চাপ দেওয়া হয়। তবে গাড়িচালক যেতে অস্বীকৃতি জানালে তাঁর পকেট থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেওয়া হয় বলে জানান অভিযোগ ভুক্তভোগী ঐ গাড়ি চালক।
আশেপাশের লোকজন ঘটনাটি দেখে সন্দেহজনক মনে হলে কয়েকজন এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, থানা পুলিশের জিজ্ঞাসাবাদের সময় আটক দুই ব্যক্তি নিজেদের দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের সাথে সোর্স হিসেবে কাজ করার কথা জানান। এ সময় তারা কয়েকজন ডিবি পুলিশের সদস্যের নামও তাঁরা উল্লেখ করেছেন ।
কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ মামুন জানান, সকালে ডিবি পুলিশের সোর্স পরিচয়ে অপরাধ করার সময় দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

