নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেল রানার বড় ভাই মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ করা আসামি দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আপন দুই ভাই।
ওসি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর গ্রামের সড়কে যায়।
মিছিল শেষে ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত মিছিলের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়। অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহিনুর ইসলামকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

