আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে তার এই প্রত্যাশা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার কোনো সুযোগ দেওয়া হবে না। দেশে ফিরিয়ে আনা হলে তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে আনতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ ব্যয় করে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা এক নয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
তিনি বলেন, বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না। কারও দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। কেউ হয়তো স্বপ্নে দেখছেন, হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে চলে আসছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনা হলে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই আনা সম্ভব।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও চেয়েছেন তিনি।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

