দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় ইসরাইল হেরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ।
তার মতে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে যে আইনি যুক্তি অনুসরণ করেছে, গাজার ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা হলে ইসরাইলের বিপক্ষে রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে ৯-৬ ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায়কে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অধ্যাপক এলিয়াভ লিবলিখ বলেন, আইসিজের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার আগে ইসরাইলের নিজের ভূমিকা পর্যালোচনা করা উচিত। কারণ, নেতানিয়াহু সরকার নিজেই এমন পরিস্থিতি তৈরি করেছে।
তার দাবি, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্যের তুলনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচের বক্তব্য থেকে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা আরও সহজ হতে পারে।
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে আইসিজে উল্লেখ করেছে, প্রতিকূল পরিস্থিতিতে কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করা এবং তাদের নিজ এলাকায় ফিরে যেতে বাধা দেওয়া গুরুতর মানসিক ক্ষতির কারণ হতে পারে, যা গণহত্যার সংজ্ঞার আওতায় পড়তে পারে। পাশাপাশি কোনো জনগোষ্ঠীকে কার্যকরভাবে টিকে থাকতে না দেওয়ার উদ্দেশ্যও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
অধ্যাপক লিবলিখের মতে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মানুষের বাস্তুচ্যুতি এবং ইসরাইলি নেতাদের বিভিন্ন বক্তব্য বিবেচনায় নিলে আইসিজের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের একই ধরনের আইনি দৃষ্টিভঙ্গি ইসরাইলের বিরুদ্ধে যেতে পারে।
তবে গাজা গণহত্যা মামলায় ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত রায় এখনো ঘোষণা করেনি আইসিজে। অধ্যাপক লিবলিখের বক্তব্য মূলত আদালতের আগের রায়ের আইনি যুক্তি ও গাজার পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ।

