গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এ ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল সক্রিয় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি বজায় রাখা হচ্ছে।

