ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জাতীয় সারাদেশ

রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত সাত দফা দাবি আদায় এবং দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।