মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধিত বিধান ও লাইসেন্সসংক্রান্ত জটিলতায় দেশে হোমিওপ্যাথিক ওষুধ আমদানি কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিয়ে হোমিওপ্যাথিক ফিনিশড ডোজেজ ডাইলিউশন আমদানি করা হলেও নতুন নির্দেশনার কারণে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই এসব ওষুধ আমদানির ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
এ পরিস্থিতিতে আমদানি কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন চিকিৎসক ও রোগীরা। দ্রুত এ জটিলতার সমাধান না হলে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ১০ ধারার উপধারা ১-এর দফা ‘গ’ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭৪ ধারা উল্লেখ করা হয়।
তবে আমদানিকারকদের দাবি, হোমিওপ্যাথিক ফিনিশড ডোজেজ ফর্মের ওষুধ আমদানির ক্ষেত্রে এ ধরনের লাইসেন্স বাধ্যতামূলক করার বিষয়টি আইনে সুস্পষ্ট নয়। এ নিয়ে বিভিন্ন দপ্তরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এমনকি লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন স্থানে ভিন্ন পরিমাণ রাজস্ব দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
বর্তমানে দেশে ১৬টি প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক ওষুধ আমদানি করছে। পাশাপাশি প্রায় ২৬টি কোম্পানি এসব ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত। ব্যবসায়ীদের অভিযোগ, গত দুই বছর ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা ও কার্যক্রমের কারণে আমদানিকারক থেকে শুরু করে খুচরা বিক্রেতারাও নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও হয়রানির মুখে পড়ছেন। এ নিয়ে উচ্চ আদালতে মামলা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে একাধিক আবেদন করেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি।
হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন সেখ বলেন, ‘২০২৩ সালের ঔষধ ও কসমেটিকস আইনের ৭৪ ধারা অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া নির্দেশনায় হোমিওপ্যাথিক ওষুধ ও ডোজেজ ফর্ম আমদানির বিষয়টি স্পষ্ট নয়। হোমিওপ্যাথিক ওষুধ ও এর কাঁচামাল ইথাইল অ্যালকোহল চিকিৎসায় স্বল্পমাত্রায় ব্যবহৃত হলেও এগুলোকে মাদক হিসেবে গণ্য করে লাইসেন্স নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।’
তিনি আরও বলেন, ‘এই আইনের কারণে টিউমার, কিডনি ও হার্টের মতো জটিল রোগের বহু অত্যাবশ্যকীয় হোমিওপ্যাথিক ওষুধ আমদানি প্রায় বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। আইনে হোমিওপ্যাথিক ওষুধকে অব্যাহতি দেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে পারবেন এবং সাধারণ মানুষ কম খরচে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবে।’
আইনের সংজ্ঞা পরিবর্তনের দাবি
এদিকে সমস্যার সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল। গত ২০ সেপ্টেম্বর কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবদের কাছে এ বিষয়ে চিঠি পাঠান।
চিঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞায় ‘হোমিওপ্যাথিক ওষুধ ব্যতীত’ বাক্যটি সংযোজনের অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, আইনের সংজ্ঞায় বিষয়টি স্পষ্ট করা হলে আমদানি কার্যক্রম নিয়ে চলমান জটিলতা অনেকটাই নিরসন হতে পারে।
ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিসিনাল প্লান্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ডা. মো. মজিবুল্যাহ মজিব বলেন, ‘হোমিও ওষুধকে মাদকদ্রব্যের অন্তর্ভুক্ত করে জারিকৃত পত্র হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ও ওষুধ আইনের পরিপন্থি। তাছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত এই চিকিৎসার ওপর পৃথকভাবে মাদক আইনের প্রয়োগ প্রশাসনিক জটিলতা তৈরি করবে এবং চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত করবে।’
অন্যদিকে, হোমিওপ্যাথিক চিকিৎসক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এইচড্যাব) যৌথ প্রতিবাদলিপিতে বলা হয়েছে, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী মাদার টিংচার ও তরল পটেন্সি তৈরিতে অ্যালকোহল দ্রাবক ও সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়। পরিমিত মাত্রায় ব্যবহৃত এসব ওষুধকে মাদক হিসেবে গণ্য করা যায় না বলে দাবি করেছে সংগঠনটি।
হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিসিনাল প্লান্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মোস্তাক বিন হোসাইন বলেন, ‘হোমিওপ্যাথিক ফিনিশড ডোজ ওষুধ আমদানির ক্ষেত্রে ড্রাগ রুলস, ১৯৪৬, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সঙ্গে এ সিদ্ধান্ত সাংঘর্ষিক। ভুলবশত মাদক আইনের তপশিলে অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধের উল্লেখ থাকায় হয়রানির সুযোগ তৈরি হয়েছে।’
আইন মেনেই দায়িত্ব পালনের দাবি অধিদপ্তরের
আমদানিকারকদের অভিযোগ ও জটিলতার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, ‘আইনগত বিধান ও বিধিমালা মেনেই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। গেজেট ও তপশিলে যা রয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে এ বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট আইনি অস্পষ্টতা বা যৌক্তিক জটিলতা থেকে থাকে, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংশ্লিষ্টদের মতে, হোমিওপ্যাথিক ওষুধ আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্ব ও এখতিয়ার স্পষ্ট করা জরুরি। দ্রুত সমন্বিত নীতিমালা প্রণয়ন করা না হলে আমদানি সংকট আরও বাড়তে পারে। এতে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসক, ওষুধ ব্যবসায়ী এবং সাধারণ রোগীরা দীর্ঘমেয়াদি ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

