গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫০ কারখানা | ৩০ হাজার টাকা মজুরির দাবি

আইন ও আদালত জাতীয় রাজধানী সারাদেশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তাঁরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। চলমান শ্রমিক আন্দোলনের প্রভাবে জেলার বিভিন্ন এলাকার অন্তত ৫০টি পোশাক কারখানা এখনো বন্ধ রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে কয়েক মিনিট যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা উপস্থিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে। কারখানাগুলো মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রোববারও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, জেলার অন্যান্য এলাকায় বর্তমানে কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোও দ্রুত চালু হবে বলে আশা করা হচ্ছে।