চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।
ভিডিওটি ঘিরে এলাকায় সমালোচনা শুরু হলে স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার আগেই বাড়ির পেছনের জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে আপত্তিকর মন্তব্য করা তাঁর স্ত্রীর ঠিক হয়নি।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নজরে আসে টিকটক ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারী পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা চলছে।

