প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল

জাতীয় রাজনীতি সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

বার্তায় সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করে এনসিপি।

রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের এ বৈঠকের দিকে। জাতীয় ঐক্য, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে কী আলোচনা হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।