ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

অপরাধ শরীর ও স্বাস্থ্য সারাদেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক তরুণীকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

আটক কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।

পরে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিষয়টি হাসপাতালের কর্মরত চিকিৎসকদের জানানো হলে তার পরিচয় শনাক্ত করতে পারেননি চিকিৎসকরা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপপরিচালকের পরামর্শে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।