রাজধানীর গুলশানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার সকালে নড়াইলে শেখ হাসিনার মানহানির অভিযোগে করা একটি মামলায় আদালতের জারি করা পরোয়ানা তামিল করতে তিনি বাসায় যান।
ওই সময় বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। রাষ্ট্রপতির আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে সভায় অংশ নেওয়ার কথা ছিল তার।
পুলিশের এসআই তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।
হাইকোর্টের স্থগিতাদেশের পরও পরোয়ানা কার্যকরের উদ্যোগ
মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন বলে জানা গেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে, মামলাটিতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার নম্বর আর-১৬/২৬। পরোয়ানাটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল। সেই পরোয়ানা তামিল করতেই মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ঘটে।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা
২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল।
এসব মামলার কয়েকটিতে আদালতের রায় ও সাজাও হয়েছে। কারাভোগ করতে হয়েছে মাহমুদুর রহমানকে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে কয়েকটিতে দীর্ঘ সময় কারাবন্দি থাকার অভিজ্ঞতাও রয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল তাকে।
এদিকে, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

