লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসের ভেতরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক রামগঞ্জের কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। বুধবার রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান।
অগ্নিকাণ্ডের সময় চালক বাসে ছিলেন না। তবে বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
বাসের মালিক আমজাদ হোসেন জানান, আগুনে তার বাসটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকান মালিক ইউছুফ আলী বাবু বলেন, বাসটি ওই স্থানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি আসনের ওপর কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

