কেরানীগঞ্জে সাংবাদিকের বাসায় চুরি; স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

Uncategorized সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় তাঁর পরিবারের স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী রাকিব মোল্লা (২৪) দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক।

আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাকিব মোল্লা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রাকিব মোল্লা বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে হাসনাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির পঞ্চম তলায় পরিবার নিয়ে বসবাস করে আসছি। সপ্তাহখানেক ধরে মা গ্রামের বাড়িতে থাকায় বাসায় একাই বসবাস করে আসছিলাম। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। দুপুর প্রায় দুইটার দিকে বাসায় ফিরে দেখতে পাই, বাসার প্রধান ফটকের তালা ভাঙা ও দরজা খোলা। পরে ঘরে ঢুকে দেখি, মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আর কাঠের ওয়ারড্রবের ড্রয়ার ও আলমারি খোলা অবস্থায় রয়েছে। এ সময় খুঁজে দেখি, মায়ের ৮ ভরি স্বর্ণালংকার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা) ও নগদ ৫ লাখ তিন হাজার টাকা চুরি হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা সব নিয়ে গেছে। এই ক্ষতি আমাদের জন্য অপূরণীয়।

তিনি আরও বলেন, ঈদের কয়েকদিন আগে বাড়ির মালিক নিরাপত্তা প্রহরীকে চাকরিচ্যুত করেন। বাড়ির সিসিটিভি ক্যামেরা যাচাই করে দেখতে পাই, গত এক মাসের কোন ফুটেজ সংরক্ষিত নেই। বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।

রাকিব মোল্লা বলেন, চুরির ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করেছি। আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করবেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।