গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ

Uncategorized অপরাধ সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার (১৮ নভেম্বর) সকালেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত থেকেই জেলায় যান চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা। এতে ওই রুটে সব ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বুধবার সকালেও জেলায় যান চলাচল বন্ধ রয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর এবং ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার রাতের পর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে টুঙ্গিপাড়া থানার ভেতরে ভাঙচুর করা আসবাবপত্রে তখনো আগুন জ্বলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে সেখানে দেখা যায়নি। থানায় দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান।

জানা গেছে, এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েকজন ফেসবুক লাইভে এসে হামলায় অংশ নেন। হামলাকারীরা থানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা সরে যান।

ঘটনার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এরপর রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই সময় তাঁর আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি। টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।