বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে।
টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতাকে এ দরপতনের প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে দাম কিছুটা বেড়ে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে ওঠে। তবে আগের দিনের তুলনায় দাম তখনো ৩ শতাংশ কম ছিল।
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ারবাজারে অস্থিরতার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। শেয়ারবাজারে লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করছেন। এতে বাজারে বিক্রির চাপ বেড়ে দাম কমছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং শক্তিশালী মার্কিন ডলারও স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। একই সঙ্গে ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।
বাজার বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

