ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (৮ নভেম্বর) সকালে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জোটের দেওয়া বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে ধ্বংস করে দেয়।
এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দাম্মাম শহরসহ আল-আহসা ও আবকাইক গভর্নরেটের বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায়। এতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং সম্ভাব্য বিপদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এদিকে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আলজাজিরা

