ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় ২জনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৫ জুলাই (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো: মো. আবু জাফর খান (৪০) ও মো. মেহেদী হাসান শুভ (২৬)।
জানা গেছে,দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর এলাকায় বনফুল মিষ্টির দোকানের সামনে কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে ফুটপাথে থাকা ভাসমান দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ ঘটনাস্থল থেকেই তাদেরকে গ্রেপ্তার করে। এসময় চাঁদা আদায়ের নগদ ২,৩৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কদমতলী এলাকায় ভাসমান দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল এবং ওই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নিত।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার আবু জাফর তার বড়ভাই আরিফের নির্দেশে দীর্ঘদিন ধরে চাদা তুলে ভাগ বাটোয়ারা করে নিত।
গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করত, যার কারণে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।
আরোও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রস্তাব দিলেন জেলেনস্কি

