বিচারের নামে প্রহসন ও জুডিশিয়াল ক্যুর মাধ্যমে জামায়াত ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও তরুণ সমাজের গণজাগরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনে ভোট ডাকাতি এবং প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিল। দুর্নীতির কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আধিপত্যবাদী একটি দেশে অবস্থান করেও ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র, দেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

