সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা,

অপরাধ সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার খাগড়াছড়ির বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।

সাদিকের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এ ধরনের হামলা ও হুমকিতে তাদের আন্দোলন থেমে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাতের আঁধারে পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ভীতি সৃষ্টি করে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা সফল হবে না। বরং এসব কর্মকাণ্ড তাদের লড়াইকে আরও দৃঢ় করবে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে ডাকসুর ভিপি বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, ঘটনায় জড়িতদের পরিচয় ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।