পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

আইন ও আদালত সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে।

ওসি জানান, গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, রোববার তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।