জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধ, মোটরসাইকেল ও স্থাপনায় আগুন

অপরাধ আইন ও আদালত সারাদেশ

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

একই সঙ্গে একটি মার্কেট, দুটি খাবারের হোটেল ও একটি টং ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

পরে ঘটনাস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি খাবারের হোটেল এবং বাসস্ট্যান্ড এলাকার একটি টং ঘরে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।’