বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

আবহাওয়া সারাদেশ

বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মেগাসিটি ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২৩৯। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের হিসাবে, এ মাত্রার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩৬২। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তানের কাবুল ও পাকিস্তানের করাচি। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ২১৬ ও ১৮১। এসব শহরের বায়ুমান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

দূষিত শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর একিউআই স্কোর ৯৯ থেকে ১৭০-এর মধ্যে।

একিউআই স্কোরের অর্থ কী?

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ

বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা উচিত। পাশাপাশি অন্যদেরও বাইরের শারীরিক কার্যক্রম সীমিত রাখা এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়।