ইসরাইলের হাতে ৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও ২৫০ তৈরির সক্ষমতা

আইন ও আদালত আন্তর্জাতিক প্রযুক্তি সারাদেশ

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাদের হিসাব অনুযায়ী, দেশটির কাছে বর্তমানে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ ছাড়া মজুত প্লুটোনিয়াম ব্যবহার করে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে দেশটির।

গত ১০ নভেম্বর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। তবে দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে ইসরাইলের মজুতে সর্বোচ্চ ১ হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, প্রতিটি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হয়। সে হিসাবে বিদ্যমান মজুত দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে এই মজুত কাজে লাগিয়ে তাৎক্ষণিকভাবে অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের কোনো পরিকল্পনা ইসরাইলের নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পারমাণবিক অস্ত্রের ধরন নিয়ে অনিশ্চয়তা

ইসরাইলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন বলে জানিয়েছেন গবেষকেরা। দেশটি হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে কি না, তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

তবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকদের ধারণা, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে মূলত এক ধাপের বুস্টেড ফিশন ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে। তবে নতুন করে অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান অস্ত্রভাণ্ডারের পুরোনো ওয়ারহেড প্রতিস্থাপন ও মজুত পুনরায় পূরণের লক্ষ্যেই এসব তৈরি করা হচ্ছে।

ডিমোনা পারমাণবিক স্থাপনায় নতুন নির্মাণকাজ

ইসরাইলের ডিমোনা পারমাণবিক চুল্লিটি নকশা অনুযায়ী নির্ধারিত কার্যকাল শেষ হওয়ার পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের স্যাটেলাইট চিত্রে স্থাপনাটিতে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় নির্মাণকাজের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া ২০২৬ সালের স্যাটেলাইট ছবিতেও চুল্লিটির কাছাকাছি ব্যাসের একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের চিত্র দেখা গেছে। তবে নতুন স্থাপনাটি পারমাণবিক চুল্লি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করে না ইসরাইল

ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিরও সদস্য নয়। কয়েক দশক ধরে ইসরাইলের ঘোষিত অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে তারাই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

তবে ২০২৩ সালের নভেম্বরে ইসরাইলের কট্টর ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু গাজায় পারমাণবিক বোমা ব্যবহারের আহ্বান জানিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন।

এ ছাড়া ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের সময় মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার পর ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।