কালিন্দীতে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

অপরাধ কালিন্দী কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (আজ) দুপুর আনুমানিক ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান (১৯) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত সাব্বির রহমান পাবনা সদর থানার, কোলাদী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। তিনি ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার পর থেকে কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনার বিষয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

আরোও পড়ুনঃ ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ