সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং হামের উপসর্গে মারা গেছে চার শিশু। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া, একই সময়ের মধ্যে সারা দেশে ১ হাজার ৬৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

