নওগাঁর রাণীনগরে ফসলি মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আক্কাস ফকির ও তারেক গ্রামের পাশের জাঠাইল মাঠে কৃষিকাজ করতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করলে তীব্র বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
পরে পাশের জমিতে থাকা অন্য কৃষকেরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এটি প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

