সিলেটে নিখোঁজের পর নদী থেকে উদ্ধার মা-মেয়ের মরদেহ

আইন ও আদালত সারাদেশ

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাঁর ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তাঁরা দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স তিন মাস থাকতেই রোগটি শনাক্ত হয়। মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তাঁর স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।

জীবনানন্দ বিশ্বাস আরও জানান, মেয়ের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর স্ত্রী হতাশায় ভুগছিলেন। স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছিল। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়। এর আগেও চিকিৎসা করানো হয়েছিল। তবে ওষুধ সেবনের পরও তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে তাঁর স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের কারও সঙ্গে তাঁর স্ত্রীর কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না বলেও জানান তিনি।

এ বিষয়ে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মা ও মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।