ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
পুলিশ জানায়, ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কদমতলী মোড় এলাকায় সিটি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সোহেল পটুয়াখালীর বাউফল থানার বগা এলাকার বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের কাঠুরিয়া এলাকায় ভাড়া থাকেন।
এরপর ১৭ আগস্ট রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এ সময় মো. পারভেজ মোল্লা (৩২), শেখ হিমন (২৩) ও মো. অপু মিয়া (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১০ গ্রাম ও ১০ গ্রাম হেরোইন এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাসনাবাদ এলাকার গোলাম আলীনগরে অভিযান চালিয়ে মোছা. শারমিন ইসলাম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

