কেরানীগঞ্জে পাসের হারে পিছিয়ে বাঘৈর হাই স্কুলসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান

কেরানীগঞ্জ শিক্ষা সারাদেশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার উদ্বেগজনকভাবে কমেছে। উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে রয়েছে।

সবচেয়ে কম পাসের হার হয়েছে পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৫ দশমিক ৫৫ শতাংশ। এরপর রয়েছে বাঘৈর হাই স্কুল, যেখানে পাসের হার ৪৬ দশমিক ৫৩ শতাংশ। বটতলা সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, নিয়মিত শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান এবং অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এসব প্রতিষ্ঠানের ফলাফল উন্নত করা সম্ভব।

কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা বলেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোর কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে আগামী বছর ফলাফল উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।