কেরানীগঞ্জে মুহুরীপট্টিতে ওয়াশিং কারখানায় কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু

দুর্ঘটনা সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুহুরীপট্টি এলাকায় একটি ওয়াশিং কারখানায় মেশিনের রোলারে পেঁচিয়ে সিয়াম (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে আয়েশা ওয়াশিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের শওকত মিঞার ছেলে। তিনি ওই ওয়াশিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানার একটি মেশিন বন্ধ থাকার সময় সেটি পরিষ্কার করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ মেশিনটি চালু হয়ে গেলে তিনি রোলারের সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দ্রুত দাফনের চেষ্টা করে। তাদের দাবি, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে এবং মালিকপক্ষের লোকজন সেখানে নেই বলেও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, আয়েশা ওয়াশিং মিলের মালিক আনোয়ার হোসেন অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কারখানা মালিকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।