পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজ ছাত্রদল নেতা

অপরাধ সারাদেশ

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং প্রদর্শনের মাধ্যমে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

অভিযুক্ত খালিদ পারভেজ (২৭) কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার বাসিন্দা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সংশ্লিষ্ট থানার চাহিদার ভিত্তিতে তাকে গ্রেফতার করে রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হবে।

গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন এক নারী। পরে ৯ জুলাই এটি এজাহারভুক্ত হয়। এতে খালিদ ছাড়াও রবিউল ইসলাম (২৯) নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে।