ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় বাসের চালক সজিব ও সুপারভাইজার হাকিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে বাসের হেলপার আকাশ পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে শরিয়তপুর থেকে ঢাকাগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৮০) কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় যাত্রী নামিয়ে দেয়। পরে বাসে শুধুমাত্র যাত্রী হিসেবে ছিলেন দুই কিশোরী—সাদিয়া (১৫) ও মুক্তা (১৩)। তাদের একা পেয়ে চালক, সুপারভাইজার ও হেলপার বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে কিশোরীদের ধর্ষণের চেষ্টা করে। কিশোরীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা চালক ও সুপারভাইজারকে আটক করে গণধোলাই দেন এবং পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। এ সময় হেলপার পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন বলেন, “ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। #

