ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বন্ধের লক্ষে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শাক্তার নয়াবাজারে অভিযান চালিয়ে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী হাকিম সিমন সরকার এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহবুব হোসেন এ সময় তিতাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করতে সহযোগীতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, আজকের অভিযানে একটি খানাডুলি ও একটি তারের কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে মালিক বা কেউ উপস্থিত না থাকায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি।

অবৈধ গ্যাসের ব্যাপারে অভিযান চলবে বলে জানায় তিতাস।

