কেরানীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Uncategorized কেরানীগঞ্জ

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফর বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে। শুধু গাজীপুর নয়, দেশের সর্বত্রই সাংবাদিকেরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীন সাংবাদিকতার বিকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।” তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি দোহার-নবাবগঞ্জে যুগান্তরের প্রতিনিধি কাজী সোহেল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজের প্রাণনাশের হুমকি পেয়েছেন, যা অবিলম্বে আইনের আওতায় আনা প্রয়োজন।

দৈনিক ইত্তেফাকের কেরানীগঞ্জ প্রতিনিধি এনামুল হাসান বলেন, “বর্তমানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আমাদের একমাত্র অস্ত্র কলম, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করে সত্য প্রকাশ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হয়। দোষীদের শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। তাই সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে।”

আমার দেশ পত্রিকার ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি রাকিব হাসান অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলেও সাংবাদিকদের ওপর মামলা, হামলা ও গুমের ঘটনা ঘটেছে। আমাকে দুই দিন থানায় গুম করে রাখা হয়েছিল। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১৬৪টি মামলা হয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও সাংবাদিকরা হামলা-মামলার শিকার হচ্ছেন। গাজীপুরে তুহিন হত্যার ন্যায়বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি রায়হান হোসেন, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রাজু আহমেদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক রিফাত হোসেন, জিটিভির প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামল, এটিএন নিউজের প্রতিনিধি আশিক নূর, এশিয়ান টিভির প্রতিনিধি টিটু আহমেদ প্রমুখ।