পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

অর্থনীতি ও বিনিয়োগ সারাদেশ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ নিশ্চিত করতে একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি হওয়া প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল ও মজুরি নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে পোশাকশ্রমিকদের জন্য সম্ভাব্য ন্যূনতম মজুরির তিনটি স্তর নির্ধারণ করেছে সিপিডি। প্রথম স্তরে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির বর্তমান বাজারে ক্রয়ক্ষমতা ধরে রাখতে হলে মাসিক ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই পরিমাণ মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মানের কোনো উন্নতি হবে না, কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় রাখা সম্ভব হবে।

দ্বিতীয় স্তরে, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে জীবনধারণের ন্যূনতম ব্যয় মেটাতে একজন উপার্জনক্ষম ব্যক্তির মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে তুলনামূলক সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক চাপ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের ক্ষেত্রে কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করা উচিত নয়। বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও বাস্তব প্রমাণের ভিত্তিতে একটি যৌক্তিক মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের পর তড়িঘড়ি করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত পদ্ধতি দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করতে পারে না।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে। ইতোমধ্যে বোর্ডে শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো মালিকপক্ষ তাদের সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেনি।

মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের ভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন ড. নাজনীন আহমেদ। তিনি জানান, মালিকপক্ষের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কমে যাওয়ায় বাড়তি মজুরির চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, খাদ্য ও বাসস্থানসহ নিত্যপ্রয়োজনীয় খরচ যেভাবে বেড়েছে, তাতে বর্তমান মজুরি দিয়ে জীবনধারণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ভবিষ্যতে মজুরি নির্ধারণের মূল লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা। এমন একটি মজুরি কাঠামো গড়ে তুলতে হবে, যার মাধ্যমে শ্রমিকেরা পুষ্টিকর খাবার গ্রহণ, প্রয়োজনীয় চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু দুই পক্ষের আর্থিক অবস্থান বিবেচনা করলেই হবে না; বরং উভয় পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি শ্রমিক-শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে বেশ কিছু সুপারিশ করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্নির্ধারণের অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন, আবেগ বা তাৎক্ষণিক চাপের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা বিবেচনায় নেওয়া।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড, বিশেষ করে মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা মূল্যায়নের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়নের পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পোশাকের ন্যায্য মূল্য প্রদান এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য সংগ্রহের নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

সিপিডির মতে, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জিএসপি প্লাস সুবিধা অর্জনের প্রস্তুতি হিসেবে পোশাক কারখানাগুলোতে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি প্রদানেও গুরুত্ব দিতে হবে।