বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না কুড়িগ্রামে। ঘন মেঘে ঢাকা আকাশ, হিমেল বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেলায় বেড়েছে শীতের অনুভূতি।
বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঠান্ডার অনুভূতি তুলনামূলক কম থাকলেও সন্ধ্যার পর তা বাড়তে থাকে। ভোরে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলার পাশাপাশি বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, সকালে প্রচুর কুয়াশা থাকে। এর সঙ্গে ঠান্ডাও অনুভূত হয়। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে ঘন মেঘ থাকার কারণে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় বাইরে বের হওয়া মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

