মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে প্লে-অফে এগিয়ে গেল কলম্বাস

আন্তর্জাতিক খেলাধূলা সারাদেশ

এমএলএস কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় একটি অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছে মায়ামিকে। ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের শঙ্কা আরও বেড়েছে তাদের।

শনিবার মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বাসের হয়ে জোড়া গোল করেন চিলির ফরোয়ার্ড গনসালো তাপিয়া। অন্য গোলটি করেন তাহা হাব্রুন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা কলম্বাসের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কলম্বাস। মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার ফাউল করে বসেন গনসালো তাপিয়াকে। এতে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া।

এরপর ৩৬ মিনিটে আরও বড় বিপদে পড়ে ইন্টার মায়ামি। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে বিপজ্জনক ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গনসালো লুহান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি।

সংখ্যায় পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার চেষ্টা চালায় মেসির দল। তবে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে তাদের সেই চেষ্টা সফল হতে দেননি। মেসির একটি দুর্দান্ত ফ্রি-কিকও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। থ্রো-ইন নেওয়ার সময় গনসালো তাপিয়া সামনে দাঁড়িয়ে বাধা দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মেসি। একপর্যায়ে বলটি তাপিয়ার দিকে ছুড়ে মারেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এ ঘটনায় লাল কার্ড দেখতে হয়নি তাকে।

বিরতির পর মাঠে নেমেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। দ্বিতীয়ার্ধের মাত্র ছয় মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে তারা।

৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন তাহা হাব্রুন। মায়ামির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন তিনি। এরপর ৫৮ মিনিটে ইয়ানিক ব্রাইটের দুর্বল মার্কিংয়ের সুযোগ কাজে লাগান তাপিয়া। বল নিয়ে একাই এগিয়ে গিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বাস।

তিন ম্যাচের সিরিজে প্রথম জয় তুলে নিয়ে এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে কলম্বাস ক্রু। আগামী শুক্রবার নিজেদের মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করে মেসিদের প্লে-অফ থেকে বিদায় করে দেবে কলম্বাস।

অন্যদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই ইন্টার মায়ামির। সেখানে জিততে পারলে সিরিজের তৃতীয় ও নির্ধারক ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। আর হারলেই শেষ হয়ে যাবে মেসিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন।