মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, একই দিন দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা। এ সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টার বিষয়টিও সামনে এসেছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাকে সামনে রেখে কি বাংলাদেশ দখলের কোনো পরিকল্পনা করা হচ্ছে?
বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জাতীয় গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। এটি কোনো বিদেশি শক্তি কিংবা তাদের সহযোগীদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। প্রিন্স বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ শত্রুতা নয়, বন্ধুত্ব চায়। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্বের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন না করার আহ্বান জানান তিনি।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানান তিনি।
মহান বিজয় দিবসকে ঘিরে সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নুরুল ইসলাম। এতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ স্থানীয় নেতারা।

