রিপোর্টঃ আল ইমরান রাফি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ঢাকা-২ আসনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে কালাতিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। অপরদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে কম পাশের হার বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে—মাত্র ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল (আসন-২) বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা-২ আসনের ২৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কালাতিয়া উচ্চ বিদ্যালয়ের ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন কৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাশের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পাশের হার ৮৯ শতাংশ। ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
এছাড়া আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ, চড়াইল নূরুল হক উচ্চ বিদ্যালয়ে ৮৮ দশমিক ৩৩ শতাংশ এবং পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮৬ দশমিক ৪৭ শতাংশ।
অন্যদিকে ফলাফলের নিচের দিকে রয়েছে ন্যাশনাল উচ্চ বিদ্যালয়—৫১ দশমিক ৯৬ শতাংশ, ক্যাপ্টেন স্কুল—৫১ দশমিক ৩ শতাংশ এবং বাঘাপুর স্কুল এন্ড কলেজ—৫২ দশমিক ৩৩ শতাংশ। তবে সবচেয়ে কম পাশের হার বাতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে, যেখানে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে।
ঢাকা-২ আসনের মাদ্রাসা পর্যায়ের ফলাফলেও প্রতিষ্ঠানভেদে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পাঁচটি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ পাশের হার মদিনাতুল উলুম সোনাকান্দা দাখিল মাদ্রাসায়—৮৬ দশমিক ৯৫ শতাংশ।
এরপর হযরতপুর আসামনিয়া দাখিল মাদ্রাসায় ৮৪ শতাংশ, কালাতিয়া হযরতপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৮৩ দশমিক ৩৩ শতাংশ, কালিনমুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৭০ দশমিক ৫৯ শতাংশ এবং বড়ইউ কান্দি দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৬৯ শতাংশ পাশের হার রয়েছে।
ভোকেশনাল/কারিগরি শাখার প্রকাশিত ফলাফলে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে নয়াবাজার উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৮২ শতাংশ পাশের হার নিয়ে এগিয়ে রয়েছে। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৫৬ দশমিক ৬৩ শতাংশ এবং হযরতপুর উচ্চ বিদ্যালয়ে ৩৯ দশমিক ০২ শতাংশ।
সব মিলিয়ে ঢাকা-২ আসনের এসএসসি ও সমমানের ফলাফলে একদিকে যেমন কালাতিয়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে, তেমনি কিছু প্রতিষ্ঠানে পাশের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে প্রতিষ্ঠানভেদে শিক্ষার্থীদের ফলাফলে বড় ধরনের ব্যবধানও দেখা গেছে।

