সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি সাভার মডেল থানায় দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ওসি না থাকার পর গত বৃহস্পতিবার (৩০ জুলাই) মো. সাইফুল আলমকে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার শুরু করে বলে অভিযোগ ওঠে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, শুধু সাভার মডেল থানার ওসি নন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে অযৌক্তিক ও মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং কর্মকর্তাদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। যাচাই-বাছাই ছাড়া কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে।
পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির মতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সদস্যদের মনোবল দুর্বল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুলিশ বাহিনীকে অকার্যকর ও মনোবলহীন করার উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা এবং মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
এদিকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সও একাত্মতা প্রকাশ করেছে।

