আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা পেল বাংলাদেশের ৪০ খুদে ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত বিশেষ ইয়ুথ ফুটবল ক্লিনিকে অংশ নিয়ে তারা আর্জেন্টিনার প্রশিক্ষণ কৌশল শেখার সুযোগ পায়।
বুধবার বাফুফে ভবনসংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে ৯০ মিনিটের এই বিশেষ অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধিদল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। সেশনে বাফুফের কোচিং স্টাফরাও অংশ নেন।
আর্জেন্টাইন প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ফুটবলারদের আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি ও অনুশীলনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি হয়।

