গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাঁদের দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। মোটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের বিষয়টি দেখছে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ।

